দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে আরও সেনা মোতায়েন করেছে ইসরাইল। মঙ্গলবার দেশটির ৯৮তম ডিভিশন এই অঞ্চলে পাঠানো হয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, নতুন ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে তেল আবিবের। তবে লেবাননের ভূখণ্ডে ইসরাইলের অনুপ্রবেশ কতটা বিস্তৃত হবে, তা এখনও স্পষ্ট নয়।
সেনাবাহিনীর তথ্যানুযায়ী, আগে থেকেই ৯১তম, ৩৬তম, ১৪৬তম ও ১৬২তম ডিভিশন এ অঞ্চলে কার্যক্রম চালাচ্ছিল। নতুন ৯৮তম ডিভিশন যোগ হওয়ায় এখন মোট পাঁচটি ডিভিশন দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, এই ডিভিশন ‘সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে’ এবং দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি প্রতিরোধে কাজ করবে।
ইসরাইলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা গাজার তুলনায় অনেক বেশি জটিল, যা ইসরাইলি সেনাদের জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সরিয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রামগুলোকে সামরিক কাজে ব্যবহার করা।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সেনারা রাজনৈতিক নেতৃত্বকে একটি বিস্তারিত অভিযান পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এতে সীমান্তবর্তী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরও সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তাব রয়েছে।
তবে এই কৌশল ইসরাইলের ‘নিরাপত্তা বলয়’ গঠনের প্রচেষ্টা হলেও, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি দখলদারিত্ব হিসেবে বিবেচিত হবে।
এমএস/